মোঃ মনির মন্ডল,সাভারঃ
আগামীকাল বৃহস্পতিবার ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস। ভোরের সূর্য ওঠার সাথে সাথেই ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের মূল বেদী। লাখো মানুষের কণ্ঠের গান আর ভালোবাসায় শ্রদ্ধা জানানো হবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের।সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ।
দিবসটি উপলক্ষে গণপূর্ত বিভাগের কর্মীরা মাসব্যাপী অক্লান্ত পরিশ্রম করে সৌধ প্রাঙ্গণকে দিয়েছে এক নতুন রূপ। নানা রঙের বাহারি ফুলের চাদরে ঢেকে ফেলা হয়েছে স্মৃতিসৌধের সবুজ চত্বর। চত্বরের সিঁড়ি ও নানা স্থাপনায় পড়েছে রঙতুলির আঁচড়। নিরাপত্তার জন্য ওয়াচ টাওয়ার নির্মাণ, উচ্চ মাত্রার সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিসহ সৌধ এলাকায় থাকবে কয়েক স্তরের নিরাপত্তাবলয়। ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিপরিষদের সদস্য, কূটনৈতিক কোরের ডিন, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও আমিরে জামায়াত ডা: শফিকুর রহমান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদানের জন্য একটি সুসজ্জিত দল তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। স্মৃতিসৌধে আগত দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্নে করতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত এবং এর আশপাশ এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিসহ মোতায়েন থাকবেন ৩ হাজারের অধিক পুলিশ সদস্য। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্মৃতিসৌধের প্রস্তুতি এবং বিদেশী ভিআইপিদের আগমন উপলক্ষে সব রকম দর্শনার্থীর স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ২৬ মার্চ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ স্মৃতিসৌধ ত্যাগ করার পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন আনু বলেন, মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান ও বিদেশী কূটনীতিকসহ লাখো মানুষ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। অতিথিদের স্বাগত জানাতে এরই মধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বলেন, প্রতিবারের মতো এবারো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ ও এর আশপাশ এলাকাজুড়ে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন