মোঃ নাসির উদ্দিন, গাজীপুর জেলা প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ জুলাই যোদ্ধা পরিবারের সদস্যদের নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মুহাম্মদ সোহেল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিটি করপোরেশনের সচিব (উপ-সচিব) আমিন আল পারভেজ।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিকভাবে নগর ভবনে এ কর্মসূচির উদ্বোধন করা হলেও পরবর্তী পর্যায়ে গাজীপুর সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে অসহায়, নিম্ন আয়ের ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হবে। এর পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ জুলাই যোদ্ধাদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সহমর্মিতা ও সম্প্রীতির এক অনন্য উৎসব। এ সময় সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। গাজীপুর সিটি করপোরেশন সেই দায়িত্ববোধ থেকেই প্রতি বছর দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণসহ বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।
বক্তারা আরও বলেন, দেশের জন্য আত্মত্যাগকারী শহীদ জুলাই যোদ্ধাদের অবদান জাতি কখনো ভুলবে না। তাদের পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের সহযোগিতা করা রাষ্ট্র ও সমাজের সকল স্তরের মানুষের দায়িত্ব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ইলিছায় রিছিল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) সুদীপ বসাক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী একেএম হারুনুর রশিদ, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) ইব্রাহিম খলিল, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা এস এম গোলাম কিবরিয়া, উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) আমজাদ হোসেনসহ সিটি করপোরেশনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে উপস্থিত দুস্থ ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয় এবং শহীদ জুলাই যোদ্ধাদের পরিবারের সদস্যদের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার বলেন, গাজীপুর সিটি করপোরেশন সবসময়ই অসহায় মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি সকলকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।
মন্তব্য করুন