নিজস্ব প্রতিবেদক.বাবলু মিয়া-
ঝিনাইদহের মহেশপুরে মাদক সেবন করে উন্মত্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে মোঃ জহির উদ্দিন (৩০) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।
গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) মহেশপুর উপজেলার কাজীর বেড় ইউনিয়নের সামন্তা (ষাটনল পাড়া) গ্রাম থেকে তাকে পুলিশ আটক করার পর এই দণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত জহির উদ্দিন সামন্তা গ্রামের মোঃ রাশেদের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশের একটি টিম ১৪ সেপ্টেম্বর সামন্তা এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে নেশাগ্রস্ত অবস্থায় স্থানীয় লোকজনের শান্তি বিনষ্ট করার সময় জহির উদ্দিনকে হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে আটককৃত যুবককে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ হোসেনের পরিচালিত মোবাইল কোর্টে হাজির করা হয়। আসামি মাদক সেবন ও গোলযোগ সৃষ্টির অপরাধ স্বীকার করায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় (মোবাইল কোর্ট মামলা নং: মহেশ মিস ৮৫/২৬)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার অফিসার ইনচার্জ জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সাজা পরোয়ানামূলে দণ্ডপ্রাপ্ত আসামিকে ঝিনাইদহ জেলা কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন