মোঃ নাসির উদ্দিন:গাজীপুর জেলা প্রতিনিধি।।
পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার পাশাপাশি অপ্রয়োজনীয় শব্দ দূষণ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করেছে আন্তর্জাতিক কৃষি ও সংশ্লিষ্ট বিজ্ঞানভিত্তিক শিক্ষার্থীদের অন্যতম মর্যাদাপূর্ণ বৈশ্বিক সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্টুডেন্টস ইন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রিলেটেড সায়েন্সেস (IAAS) বাংলাদেশ-এর গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) শাখা।
রবিবার (২ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এ কর্মসূচির প্রতিপাদ্য ছিল “গ্রিন ক্যাম্পাস, ক্লিন ক্যাম্পাস” এবং “অপ্রয়োজনীয় শব্দ নয়, চাই শান্ত পরিবেশ”।
কর্মসূচিতে উপস্থিত থেকে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব উদ্যোগকে উৎসাহিত করেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি.কে.এম. মোস্তাফিজুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, রেজিস্ট্রার মো. আবদুল্লাহ্ মৃধা, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল আলম, ছাত্রকল্যাণ বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ রায়হান, আইএএএস গাকৃবি শাখার সদস্যবৃন্দ এবং বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শুরুতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। শিক্ষক-শিক্ষার্থীরা হাতে গ্লাভস পরে স্বতঃস্ফূর্তভাবে ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। অভিযানটি ডাকবাংলো এলাকায় গিয়ে শেষ হয়। পুরো কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা এবং নাগরিক দায়িত্ববোধ সম্পর্কিত বিভিন্ন বার্তাসংবলিত ফেস্টুন প্রদর্শনের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করা হয়।
এরপর অযথা হর্ন বাজানোসহ বিভিন্ন উৎস থেকে সৃষ্ট শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ক্যাম্পাসজুড়ে মাইকিং করা হয়। পাশাপাশি শিক্ষার্থীরা স্থানীয় দোকানদার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে শান্ত, স্বাস্থ্যকর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এ ধরনের সময়োপযোগী উদ্যোগকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা আন্তরিকভাবে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক ড. জি.কে.এম. মোস্তাফিজুর রহমান বলেন, “একটি বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞানচর্চার স্থান নয়, দায়িত্বশীল নাগরিক গড়ে তোলারও একটি প্রাণকেন্দ্র। পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ এবং শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতনতা সৃষ্টি আজ সময়ের দাবি। আইএএএস বাংলাদেশ-গাকৃবি শাখার এই উদ্যোগ শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতা, পরিবেশ সচেতনতা ও নেতৃত্বগুণের উজ্জ্বল দৃষ্টান্ত। আমি বিশ্বাস করি, এমন ছোট ছোট ইতিবাচক উদ্যোগই একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ক্যাম্পাস এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উল্লেখ্য, ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্টুডেন্টস ইন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রিলেটেড সায়েন্সেস (IAAS) বর্তমানে বিশ্বের ৫০টিরও বেশি দেশে সক্রিয়ভাবে কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশেও কৃষি ও জীববিজ্ঞানভিত্তিক ১৭টির বেশি বিশ্ববিদ্যালয়ে সংগঠনটি সফলতার সঙ্গে শিক্ষার্থীদের নেতৃত্ব, পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
মন্তব্য করুন