টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা উপমন্ত্রী এ্যাড. আব্দুস সালাম পিন্টু বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে খালের প্রবাহ উন্মুক্ত করেনি। খালগুলো বেশির ভাগই ময়লা আবর্জনায় সয়লাভ এবং দখল হয়ে গেছে।
আজ রোববার দুপুরে জেলার ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের ভারই এলাকার খাল ও গোবিন্দাসী ইউনিয়নের খুপিবাড়ী এলাকায় হতদরিদ্রের কর্মসংস্থান কর্মসূচির আওতায় পুনঃ খাল খনন কর্মসূচি উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গোবিন্দাসীর খালসহ ভূঞাপুর ও গোপালপুরের ভরাট হয়ে যাওয়া খাল পুনঃখনন করা হবে। সেই সঙ্গে দখলকারীদের উৎখাত করতে হবে। ইতোমধ্যে এই গোবিন্দাসী বাজারের খালটি পুনঃসংস্কারের প্রকল্প হাতে নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের আমলে আমি যখন শিক্ষা উপমন্ত্রী ছিলাম সেই সময় ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী বাজারের এই খালটি প্রশস্তকরণ করা হয়েছিল। তার পাশেই যমুনা নদীর সাথে সংযোগস্থল স্থাপন করার ফলে এলাকার কৃষকরা এ খালটির যথাযথ সুফল ভোগ করেছিল। এখন খালটি সংস্কারের জন্য সবার সহযোগিতা প্রয়োজন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান, উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. গোলাম মোস্তফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির রহমান, উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান জামিল (মিন্টু), ইউনিয়ন যুবদল নেতা মাসুদ রানা ও ইউনিয়ন ছাত্রদল নেতা মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন