মোঃ নাসির উদ্দিন, গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন করে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় নিহত অটোরিক্সা চালক মোঃ ওসমান গণি (৪০)-এর লুণ্ঠিত মোবাইল ফোন ও অটোরিক্সার একটি ব্যাটারী উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, নিহত ওসমান গণি নিজস্ব অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ১১ মার্চ ২০২৬ তারিখ বিকাল ৩টার দিকে তিনি অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হন। পরদিন ১২ মার্চ সকাল আনুমানিক ৮টা ৫ মিনিটে বাসন থানাধীন ভিটিপাড়া এলাকার একটি খালি জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
প্রাথমিক তদন্তে জানা যায়, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার অটোরিক্সা ও মোবাইল ফোন লুণ্ঠন করে নিয়ে যায়। এ ঘটনায় বাসন থানায় মামলা নং-১৮, তারিখ ১২/০৩/২০২৬ খ্রিঃ, দণ্ডবিধির ৩৯৪/৩০২/২০১/৩৪ ধারায় একটি হত্যা মামলা রুজু করা হয়।
পরবর্তীতে উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) এর নির্দেশনায় বাসন থানার একটি চৌকস দল তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) নাহিদ আল রেজার নেতৃত্বে ২৯ মার্চ ২০২৬ তারিখ সকাল ৭টা ১৫ মিনিটে গাছা থানার কুনিয়া তারগাছ এলাকা থেকে মোঃ সজিব (২৪) নামে এক আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সজিব রংপুর জেলার পীরগাছা উপজেলার বসুনিয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং বর্তমানে গাজীপুরের গাছা থানার কুনিয়া তারগাছ এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যমতে তার হেফাজত থেকে নিহতের ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন ও অটোরিক্সার একটি ব্যাটারী উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন