(নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলায় যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা এবং উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন করা হয়েছে। ২৬ মার্চ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। এরপর সকালে বিজয় চত্বরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
পরে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধের তাৎপর্য, মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশ গঠনে নতুন প্রজন্মের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পরে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল সাত্তার। তিনি তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জ্যোতির্ময় ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা প্রকৌশলী সোহেল রানা, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির উপদেষ্টা অধ্যাপক রইছুল আলম চৌধুরী, সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা, অধ্যক্ষ মনোয়ার হোসেন, গোলাম রব্বানী প্রধান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম লিটন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা মুজিবুর রহমান, নায়েবে আমীর কাজী মাওলানা হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক কাজী মাওলানা রুকনুজ্জামান।
এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী প্রোগ্রামার শাহানুর আলম এবং উপজেলা রিসার্চ সেন্টারের ইন্সট্রাক্টর মো. মাসুদ করিম।
মন্তব্য করুন