ডান হাঁটুর ইনজুরির কারণে জাতীয় দলের আসন্ন দুটি প্রীতি ম্যাচে খেলতে পারবেন না ব্রাজিলের ডিফেন্ডার গাব্রিয়েল মাগালায়েস।
২০২৬ সালের বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল দলে সুযোগ পেয়েছিলেন গাব্রিয়েল। কিন্তু ইনজুরির কারণে ঐ দুই ম্যাচে খেলতে পারবেন না তিনি।
গত রোববার ইংলিশ কারাবাও কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ শেষে ডান হাঁটুতে ব্যথা অনুভব করেন আর্সেনালের গাব্রিয়েল।
চিকিৎসকের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, হাঁটুর ইনজুরিতে পড়েছেন গাব্রিয়েল।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানায়, ‘গত রোববার ইংলিশ লিগ কাপের ফাইনালের পর ডান হাঁটুতে ব্যথার কথা জানান গাব্রিয়েল। পরীক্ষার পর গাব্রিয়েলের হাঁটুর ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে চিকিৎসকরা। জাতীয় দলের হয়ে আসন্ন দুই ম্যাচ খেলতে পারবেন না তিনি।’
গাব্রিয়েলের বদলি হিসেবে নতুন কাউকে ডাকেননি ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।
আগামী ২৬ মার্চ ফ্রান্সের বিপক্ষে এবং ৩১ মার্চ ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।
মন্তব্য করুন