
দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতাকে স্বাভাবিক শ্রমিক আন্দোলন নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত পরিকল্পিত সহিংসতা বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর অভিযোগ, একটি গোষ্ঠী সাধারণ শ্রমিকদের ব্যবহার করে শিল্প খাতে বিশৃঙ্খলা সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে সচিবালয়ে সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের খসড়া পর্যালোচনাসংক্রান্ত আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি অভিযোগ করেন, শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে কিছু বহিরাগত ব্যক্তি পোশাককারখানায় হামলা, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছেন। এসব ঘটনার সঙ্গে সাধারণ শ্রমিকদের সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, তদন্তে বিগত আওয়ামী লীগ সরকারের সময়কার কয়েকজন পোশাককারখানার মালিক, সাবেক সংসদ সদস্য এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীর রাজনৈতিক সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছে। প্রতিবেশী দেশ থেকে একটি চক্র অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
১ জানুয়ারি থেকে নতুন মজুরি কাঠামোর লক্ষ্য
পোশাকশ্রমিকদের মজুরি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইতিমধ্যে নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং এর প্রথম সভাও অনুষ্ঠিত হয়েছে। মূল্যস্ফীতি, অর্থনৈতিক পরিস্থিতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় আগামী ১ জানুয়ারি থেকে নতুন মজুরি কাঠামো কার্যকরের লক্ষ্য নিয়ে কাজ চলছে।
সহিংসতা দমনে কঠোর অবস্থান
মন্ত্রী জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহিংসতা নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হলেও অপ্রয়োজনীয় বলপ্রয়োগ না করার বিষয়েও সতর্ক করা হয়েছে।
একই সঙ্গে গুজব ও উসকানিতে বিভ্রান্ত না হয়ে শ্রমিকদের কর্মস্থলে ফিরে উৎপাদন কার্যক্রম সচল রাখার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
মন্তব্য করুন