জেলার নির্বাচন অফিসের পাশের বেদে পল্লীতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ৫টি বসতঘর। আজ দুপুরে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে ক্ষতি কয়েক লক্ষ টাকা বলে জানায় ক্ষতিগ্রস্তরা। তবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
ক্ষতিগ্রস্ত পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বেদে মানিকের ঘরে রান্নাবান্না হচ্ছিল। এসময় হঠাৎ ঘরের পাশ থেকে আগুনের ধোয়া দেখা যায়। মূহুর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে কয়েকটি বসতঘর পুড়ে যায়। ফলে সব হারিয়ে এসব পরিবার এখন অসহায়। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
পরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান ও পুলিশ সুপার আবু তারেকসহ কর্মকর্তারা। এসময় ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করে পুনবার্সন করা হবে বলে জানান জেলা প্রশাসক।
জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বাসস’কে বলেন, আগুনে পুড়ে যাওয়া পরিবারগুলোর পাশে প্রশাসন রয়েছে। তাদের তালিকা তৈরি করা হচ্ছে। এরপর পূনবার্সন করা হবে। তবে সময়মতো ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে না গেলে আরো ভয়াবহ ক্ষতি হতো। তবে ক্ষতিগ্রস্তরা সবাই একই পরিবারের। দীর্ঘদিন ধরে বেদেরা এখানে বসবাস করে আসছে।
মন্তব্য করুন