সাধন সাহা জয়:
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে সদর উপজেলার রামরাইল বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—জেলা শহরের কান্দিপাড়া এলাকার লিটন খাঁর ছেলে নামিম খাঁ (১৯) ও একই এলাকার কিসমত খাঁর ছেলে নিরব খাঁ (১৮)।
খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন জানান, ভোররাতে নামিম ও নিরব মোটরসাইকেলে করে সদর উপজেলার সুলতানপুর থেকে বাড়ি ফিরছিলেন।
পথে রামরাইল বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।এতে মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে ঘটনাস্থলেই নামিম ও নিরবের মৃত্যু হয়।
এসআই আব্দুল বাতেন জানান, দুর্ঘটনার পর কোন গাড়িটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়েছে তা শনাক্ত করা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন