এইচ এম মাহমুদ হাসান
‘স্বপ্নের শুরু এখান থেকেই’—এই স্লোগানকে সামনে রেখে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরের শিশু-কিশোরদের জন্য তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় উত্তরা ১২ নম্বর সেক্টর পার্কে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে এবং ইউনিমার্টের সার্বিক সৌজন্যে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ১৫০ জন শিশু-কিশোর অংশগ্রহণ করে।
প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক প্রচেষ্টায় ছিলেন এবং উদ্বোধন করেন উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শরীফ সান্টু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।
তিন মাসব্যাপী এ ফুটবল প্রশিক্ষণের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন সোসাইটির ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক মনজুর হোসেন খান। তিনি প্রশিক্ষণ কার্যক্রমের সার্বক্ষণিক আয়োজন ও তদারকি করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক খালেদুর রহমান, নির্বাহী সদস্য, বীর মুক্তিযোদ্ধা কবিরুজ্জামান, সেক্টরের বাসিন্দা এবং শিশু-কিশোরদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে সোসাইটি সভাপতিশরীফ সান্টু বলেন,, বর্তমান সময়ে শিশু-কিশোরদের একটি বড় অংশ মোবাইল ফোন, কম্পিউটারসহ বিভিন্ন ডিজিটাল ডিভাইসে অতিরিক্ত সময় কাটাচ্ছে। এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই শিশুদের মাঠমুখী করতে নিয়মিত খেলাধুলার সুযোগ তৈরি করা প্রয়োজন।
তিনি আরও বলেন, ফুটবলসহ বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শিশুদের শরীরচর্চা হবে, শারীরিক সক্ষমতা বাড়বে এবং দলগতভাবে কাজ করার মানসিকতা তৈরি হবে। একই সঙ্গে সকালে মাঠে খেলাধুলা করলে তারা পর্যাপ্ত প্রাকৃতিক আলো ও ভিটামিন ডি পাওয়ার সুযোগ পাবে।
সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন বলেন,
শিশু-কিশোরদের সুন্দর ভবিষ্যৎ গড়তে শুধু পড়াশোনা নয়, খেলাধুলারও প্রয়োজন রয়েছে। তাদের মাঠমুখী করতে এ ধরনের উদ্যোগ নিয়মিত চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, শিশুদের মোবাইল ও অন্যান্য ডিভাইসের আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে পরিবার ও সমাজের সবাইকে ভূমিকা রাখতে হবে। সেক্টরের শিশু-কিশোরদের জন্য ফুটবল প্রশিক্ষণের এ আয়োজন তাদের প্রতিভা বিকাশে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক মনজুর হোসেন খান বলেন, শিশু-কিশোরদের মাঠে ফিরিয়ে আনাই এ প্রশিক্ষণের অন্যতম লক্ষ্য। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তারা শারীরিকভাবে সুস্থ থাকার পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত সহযোগিতার মতো গুণাবলি অর্জন করতে পারবে। পুরো প্রশিক্ষণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় তিনি সার্বক্ষণিক তদারকি করবেন বলেও জানান।
উল্লেখ্য, তিন মাসব্যাপী এ ফুটবল প্রশিক্ষণে উত্তরা ১২ নম্বর সেক্টরের শিশু-কিশোররা অংশ নিচ্ছে। আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে শিশুদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং ভবিষ্যতে প্রতিভাবান খেলোয়াড় তৈরির পথ সুগম হবে।
মন্তব্য করুন