সাধন সাহা জয়ঃ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রাক খাদে পড়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সরাইল উপজেলার বৈশ্বামুড়া এলাকার মৃত আরব মিয়ার ছেলে মাসুক মিয়া (১৮) এবং ফরহাদ মিয়ার ছেলে আরমান মিয়া (১৭)। এ ঘটনায় ট্রাকচালক ও তার সহযোগীও গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ ২৯ জুন সোমবার সকাল সাড়ে ৭টার দিকে একটি ব্রিকফিল্ড থেকে ইটবোঝাই করে ট্রাকটি চারগাছের দিকে যাচ্ছিল। পথে মান্দারপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
এতে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। ট্রাকের ওপর থাকা দুই শ্রমিক নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকচালক ও তার সহযোগীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কসবা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন