খুলনায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার নগরীতে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ‘ইউনাইটেড ইন হিউম্যানিটি’।
নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কেসিসি প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের চেয়ারম্যান নজরুল ইসলাম মঞ্জু।
অনুষ্ঠানে কেসিসি প্রশাসক বলেন, ১৮৬৩ সালে ইতালীর সলফেরিনোর যুদ্ধের ভয়াবহতা প্রত্যক্ষ করে জ্বিন হেনরি ডুনান্ট ও তার একদল দূরদর্শী সঙ্গী মিলে এমন এক সংস্থার ভিত্তি স্থাপন করেন যা পরবর্তীকালে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট হিসেবে পরিচিতি লাভ করে।
১৬৩ বছর পর আজও রেড ক্রিসেন্ট আন্দোলন বিশ্বব্যাপী বিস্তৃত এবং হাজারো অসহায়, হতাশা ও দুর্দশাগ্রস্ত মানুষের কাছে আশার আলোক বর্তিকা হয়ে দাঁড়িয়ে আছে।
আমরা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষের সঙ্গে একাত্ম হয়ে সেবার ব্রত নিয়ে সেই ঐতিহ্যকে উদযাপন করছি।
তিনি আরও বলেন, সদ্য স্বাধীন দেশে আশার আলো হিসেবে ১৯৭৩ সাল থেকে বাংলাদেশে রেড ক্রিসেন্টের পথচলা। সংস্থাটি এদেশের সমৃদ্ধ ইতিহাসের সঙ্গে জড়িত।
এবারের প্রতিপাদ্য আমাদের মনে করিয়ে দেয়, জাতীয়তা, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানবতাবোধের অংশীদার।
তিনি বলেন, দুর্যোগ, সংঘাত বা দুর্দিনে কোনো বৈষম্য ছাড়াই আর্তমানবতার সাহায্যকারী হিসেবে আমাদের ঐক্যবদ্ধ করে।
পারস্পরিক সহযোগিতার হাত প্রসারিত করে মানবতার কল্যাণে এক সঙ্গে কাজ করার মাধ্যমে একটি সুন্দর, শান্তিপূর্ণ, নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা নগরী গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের সাবেক সহসভাপতি শেখ সাদিকুল ইসলাম সাদি।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ও মহানগর বিএনপির সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা।
অন্যান্যের মধ্যে সিটি ইউনিটের উপ-সহকারী পরিচালক ও ইউনিট লেভেল কর্মকর্তা রেক্সোনা খাতুন, থ্রি-সি প্রকল্পের অ্যাসিসট্যান্ট প্রোজেক্ট ম্যানেজার মো. আব্দুল মজিদ, অ্যাসিসট্যান্ট প্রোজেক্ট অফিসার সাকিবুল হাসানসহ সংস্থার আজীবন সদস্য, সাবেক ও বর্তমান যুব সদস্য এবং খুলনা আজম খান সরকারি কমার্স কলেজ, সরকারি সুন্দরবন আদর্শ মহাবিদ্যালয়, সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ, খুলনা সরকারি মহিলা কলেজ, সরকারি বিএল কলেজ, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ও খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের সমন্বয়কারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে দিবসটি উদযাপন উপলক্ষে নগর ভবনের সম্মুখে একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মানববন্ধন কর্মসূচির উদ্বোধন করেন।
উল্লেখ্য, খুলনা মহানগরীতে রেড ক্রিসেন্ট সোসাইটির অর্থায়নে ‘কাইমেট রেজিলিয়েন্ট কিন সিটিস (থ্রিসি)’ নামে একটি প্রকল্প চলমান আছে।
প্রকল্পের আওতায় নগরীর ২১ ও ২২ নম্বর ওয়ার্ডের স্লাম এরিয়ার ছোট সড়ক ও ড্রেন নির্মাণ, সোলার লাইট স্থাপন, প্রাকৃতিক জলাশয় পরিষ্কার, পারিবারিক টয়লেট নির্মাণ, গুরুত্বপূর্ণ মোড়সমূহে কাইমেট রেসপনসিভ যাত্রী ছাউনি নির্মাণসহ কাইমেট এডাপশন ও দুর্যোগ ব্যাবস্থাপনার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
মন্তব্য করুন