প্রতি মাসের ৩ তারিখের মধ্যে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরে মাসিক প্রতিবেদন পাঠাতে সংশ্লিষ্ট লিগ্যাল এইড অফিসারদের অনুরোধ জানানো হয়েছে।
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সহকারী পরিচালক (মনিটরিং) মো. আশরাফুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন ও বিচার বিভাগে প্রতি মাসের ৬ তারিখের মধ্যে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মাসিক কার্যক্রমসংক্রান্ত প্রতিবেদন পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে।
এ কারণে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন প্রস্তুত ও পাঠানো নিশ্চিত করতে প্রতি মাসের ৩ তারিখের মধ্যে ‘লিগ্যাল এইড অফিস ম্যানেজমেন্ট সফটওয়্যার’-এর ‘ম্যানুয়াল রিপোর্ট’ ফিচার ব্যবহার করে সব ধরনের মাসিক প্রতিবেদন পাঠানোর জন্য সংশ্লিষ্ট লিগ্যাল এইড অফিসারদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রেরিত প্রতিবেদনের তথ্যের সঠিকতা ও নির্ভুলতা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট লিগ্যাল এইড অফিসারের ওপর বর্তাবে।
মন্তব্য করুন