যশোর প্রতিনিধি:
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত এক ব্যক্তি স্থানীয় একজন সাংবাদিকসহ কয়েকজনের নামে মামলা দায়ের করেছেন। তবে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই সাংবাদিক মূলত মারামারি ঠেকাতে এবং আহত ব্যক্তিকে রক্ষা করতে গিয়ে মিথ্যা মামলার শিকার হয়েছেন।
ঘটনাটি ঘটে গত ২৮ মার্চ (২০২৬ ইং) মাগরিবের নামাজের শেষ মুহূর্তে ঝাঁপা বাওড়ের ঐতিহ্যবাহী ভাসমান সেতুর পশ্চিম পাশে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুরাতন শত্রুতার জেরে কে বা কারা ছাদ্দাম হোসেন নামের এক ইজিবাইক চালককে হত্যার উদ্দেশ্যে ঝাঁপা বাওড়ের কচুরিপানার ভেতরে চেপে ধরে। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা প্রতিবাদ করেন। এসময় হামলাকারীরা পালানোর চেষ্টা করলে ফিরোজ নামে একজনকে ধরে গণধোলাই দেয় উত্তেজিত জনতা।
সে সময় ঘটনাস্থলে উপস্থিত হন দৈনিক ঘোষণা পত্রিকার মণিরামপুর উপজেলা প্রতিনিধি এবং অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজবিডি জার্নালিস্ট২৪’-এর প্রকাশক মুহাঃ মোশাররফ হোসেন। প্রত্যক্ষদর্শীদের মতে, সাংবাদিক মোশাররফ উত্তেজিত জনতার হাত থেকে ফিরোজকে বাঁচাতে এগিয়ে যান এবং তাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু জনতা আরও ক্ষিপ্ত হয়ে মোশাররফের কাছ থেকে ফিরোজকে ছিনিয়ে নিয়ে আবারও মারধর করে।
পরবর্তীতে এই ঘটনায় ফিরোজ গুরুতর আহত হয়ে মণিরামপুর থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে তিনি তাকে উদ্ধার করতে আসা সাংবাদিক মুহাঃ মোশাররফ হোসেনকেও আসামি করেন।
স্থানীয় বাসিন্দা মোছাঃ তানিয়া সুলতানা, রবিউল ইসলাম, আজিজুর রহমান ও ফেরদৌস সুলতানাসহ একাধিক ব্যক্তি জানান, ফিরোজ ও তার সাঙ্গপাঙ্গরা মিলে ইজিবাইক চালক ছাদ্দামকে কচুরিপানার মধ্যে চুবিয়ে মারার চেষ্টা করছিল। তারা দম্ভ করে বলছিল, “তোর কোন বাপ বাঁচাবে দেখবো।” এই দৃশ্য দেখে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে তাদের ধাওয়া দেয় এবং সেতুর কিছু অংশ ভাঙচুর করে। এলাকাবাসীর অভিযোগ, ফিরোজ এলাকায় চাঁদাবাজি ও নানা অপকর্মের সাথে জড়িত।
ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় খবরটি ছড়িয়ে পড়লে নেটিজেনরা ফিরোজের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিক মোশাররফ হোসেন যেখানে মারামারি থামাতে গিয়েছিলেন এবং ফিরোজকে রক্ষা করতে চেয়েছিলেন, সেখানে উল্টো তার নামেই মামলা দেওয়া উদ্দেশ্যমূলক। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন
মন্তব্য করুন