মোঃ নাসির উদ্দিন, গাজীপুর জেলা প্রতিনিধি
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সঙ্গে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে ঈদের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ ২০২৬) সকাল ১১টায় বাউবির কেন্দ্রীয় সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নবনিযুক্ত উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন।
উপাচার্য তাঁর বক্তব্যে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় মহান আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া জ্ঞাপন করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং স্বাধীনতার চেতনা ধারণ করার আহ্বান জানান।
তিনি বলেন, “বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দূরশিক্ষণের মাধ্যমে দেশের সর্বস্তরের মানুষের জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি করে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাউবিকে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।”
উপাচার্য আরও বলেন, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ, ডিজিটাল লার্নিং উন্নয়ন, আন্তর্জাতিক মানসম্পন্ন পাঠক্রম প্রণয়ন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধি তাঁর অগ্রাধিকার। পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে সমন্বয়, পারস্পরিক সম্মান ও দায়িত্ববোধ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি শিক্ষকবৃন্দকে শিক্ষার্থীদের জ্ঞান ও মূল্যবোধ বিকাশে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, নৈতিকতা ও দায়িত্ববোধে সমৃদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের প্রস্তুত করতে হবে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের ডিন অধ্যাপক তানভীর আহসান, ওপেন স্কুলের সহযোগী অধ্যাপক ড. আদনান আরিফ সালিম, প্রকাশনা, মুদ্রণ ও বিতরণ বিভাগের পরিচালক মোহাম্মদ আলী এবং কর্মচারীদের পক্ষে হুমায়ুন কবির বাদশা।
এর আগে উপাচার্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে বাউবির শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে ‘জুলাই জাগরণী’ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর শহিদদের প্রতিও শ্রদ্ধা জানান।
এছাড়া উপাচার্যের সহধর্মিণী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক ড. আলো আরজুমান বানুকে বাউবি পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে তাঁর অনুভূতি প্রকাশ করেন এবং স্বরচিত কবিতা আবৃত্তি করে উপস্থিত সকলের প্রশংসা অর্জন করেন।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ডিন, বিভাগের পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া আঞ্চলিক ও উপ-আঞ্চলিক প্রধানগণ ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টি এম আহমেদ
মন্তব্য করুন