চাঁদপুরের হাজীগঞ্জে ইঞ্জিনচালিত ট্রলির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মো. কিবরিয়া (৩০) নামের এক যাত্রী নিহত হয়েছেন
এ ঘটনায় নারীসহ আহত হয়েছেন আরও তিনজন। গতকাল বৃহস্পতিবার রাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের বাকিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত কিবরিয়া শাহরাস্তি উপজেলার রায়শ্রী ইউনিয়নের রায়শ্রী গ্রামের নুরু মিয়ার ছেলে। আহত নারী রিনা বেগম (২৫) একই উপজেলার পিপলকরা এলাকার আবু সুফিয়ানের স্ত্রী। রিনাসহ অপর যাত্রিরা হাজীগঞ্জ থেকে অটোরিকশায় করে চাঁদপুর শহরে যাচ্ছিলেন।
আহত রিনা বেগম জানান, আমাদের বহনকারী অটোরিকশা দ্রুত গতির ছিল। বিপরীত দিক থেকে আসা মুরগির ট্রলিটি সঙ্গে সংঘর্ষ হয়। এতে যাত্রীরা সিএনজি থেকে ছিটকে দুই দিকে পড়ে যায়। এর মধ্যে কিবরিয়া নামের একজন সড়কের উপরে পড়ে। ট্রলির সঙ্গে মারাত্মক সংঘর্ষের কারণে তার শরীর থেকে মাথাটি আলাদা হয়ে যায়।
স্থানীয় সাবেক ইউপি সদস্য ফারুক বলেন, ঘটনার পর পর আমরা ছুটে এসে ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। আহতের মধ্যে অটোরিকশা চালকও রয়েছেন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর জব্বার বলেন, ঘটনাস্থল থেকে অটোরিকশা, ট্রলি ও মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (শুক্রবার) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন