জেলার পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জলুরদিঘীর পাড় এলাকায় দু’টি ঈগল পরিবহনের বাস ও মার্সা পরিবহনের বাসের ত্রিমুখী সংঘর্ষে বাঁশি মোহন দাশ (৫০) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পটিয়া উপজেলার জলুরদিঘী পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পটিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসতাপালে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে খড়ের গাদা আগুন দেয়ার কারণে সৃষ্ট ধোঁয়ায় পুরো এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়লে দু’টি ঈগল বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এই সময় মার্সা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পিলারের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৯ জন আহত হন। তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সামিয়া রওশন বাসস’কে বলেন, দুর্ঘটনায় আহত ৯ জনকে আনা হয়েছে। এরমধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়। বাকি ৮ জনের মধ্যে ২ জনের আঘাত গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
পটিয়া ফায়ার স্টেশনের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া বাসস’কে বলেছেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। খড়ের গাদার আগুন নিয়ন্ত্রণে আনার পর দুর্ঘটনা কবলিত বাস গুলো থেকে আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
মন্তব্য করুন