আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়ায় স্বর্ণের বার দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীকে কাবু করে তাঁর স্বর্ণের চেন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোহেল নামের এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় লোকজন। তাঁর সহযোগী বাবলু পালিয়ে গেছেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার ফুল্লোশ্রী বাজার এলাকায়। ওই নারী উজিরপুরে বাবার বাড়ি থেকে গোপালগঞ্জে শ্বশুরবাড়ি যাওয়ার পথে এ ঘটনার শিকার হন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল ও বাবলু ওই নারীকে স্বর্ণের বার দেওয়ার প্রলোভন দেখান। একপর্যায়ে স্বর্ণের বার দেখানোর কথা বলে সেটি তাঁর নাকের কাছে নেওয়া হয়। এরপর ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত কোনো পদার্থ প্রয়োগ করে তাঁকে কাবু করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
পরে ওই নারীর সঙ্গে থাকা স্বর্ণের চেন ও নগদ ৫০০ টাকা নিয়ে পালানোর চেষ্টা করেন সোহেল ও বাবলু। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে পড়লে তাঁরা ধাওয়া করে সোহেলকে আটক করেন। এ সময় বাবলু পালিয়ে যান।
ঘটনার খবর পেয়ে সাংবাদিক মাহমুদ হোসেন মোল্লা আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খানকে বিষয়টি জানান। পরে ওসির নির্দেশে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারী ও আটক ব্যক্তিকে থানায় নিয়ে যায়।
পুলিশ বলছে, এ ঘটনার সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আগৈলঝাড়া, গৌরনদী ও আশপাশের এলাকায় একই কৌশলে প্রতারণা বা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে কি না, সেটিও তদন্ত করা হবে।
এ ঘটনায় পলাতক বাবলুকে আটকের চেষ্টা চলছে। তদন্ত শেষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন