জেলায় আজ নির্বাচনে দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রথম ব্যাচের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
আজ বুধবার সকালে যশোর পুলিশ লাইন্সের ব্যারাক ভবনের নিচতলার প্রশিক্ষণ কক্ষে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
‘নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক এ প্রশিক্ষণে যশোর জেলা পুলিশ, পিবিআই যশোর ও খুলনা রেঞ্জের হাইওয়ে পুলিশের বিভিন্ন পদমর্যাদার ৫০ জন সদস্য অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে যশোর ডিএসবি’র অতিরিক্ত পুলিশ সুপার ও প্রশিক্ষণের ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন সহ পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষযে অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিবুল ইসলাম জানান, নির্বাচন সংক্রান্ত টিওটি প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষকদের পরিচালনায় মোট ১১টি সেশন ও সেশন-পরবর্তী মূল্যায়নের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হবে। প্রশিক্ষণে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটাধিকার সুরক্ষা এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালন সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দেওয়া হচ্ছে।
মন্তব্য করুন