পিরোজপুর সদর হাসপাতালের সার্বিক স্বাস্থ্যসেবা, চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর এবং সামগ্রিক ব্যবস্থাপনা সরেজমিনে খতিয়ে দেখতে হাসপাতালটি পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
আজ রোববার সন্ধ্যায় হাসপাতাল পরিদর্শনকালে জেলা প্রশাসক আবু সাঈদ, সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমানসহ স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে দুই প্রতিমন্ত্রী বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। রোগীরা নিয়মিত ওষুধপত্র ও কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা পাচ্ছেন কি না, কিংবা কোনো ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন কি না সে বিষয়ে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন দুই প্রতিমন্ত্রী।
পরিদর্শনকালে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য প্রস্তুতকৃত ও পরিবেশন করা খাবারের মান এবং পরিমাণ সরেজমিন পরীক্ষা করেন দুই প্রতিমন্ত্রী। নির্ধারিত খাদ্যতালিকা অনুযায়ী সঠিক পরিমাপে ও উন্নত গুণগত মান বজায় রেখে খাবার দেওয়া হচ্ছে কি না- তা পর্যবেক্ষণ করেন তারা।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রীদ্বয় হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, সার্বিক চিকিৎসাসেবার পরিবেশ উন্নত করা এবং রোগীদের জন্য সর্বোচ্চ রোগীবান্ধব পরিবেশ গড়ে তোলার নির্দেশ দেন। একইসঙ্গে রোগীদের খাবারে যেন কোনো ধরনের অনিয়ম না হয়, সে বিষয়ে কঠোর নজরদারির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
মন্তব্য করুন