কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণ ও দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা ডিজিটাল ‘এজেন্ট’ পরিচালনার জন্য নতুন প্রজন্মের টেনসর প্রসেসিং ইউনিটস (টিপিইউ) উন্মোচন করেছে গুগল।
গুগল ও অ্যামাজনসহ বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন নিজেদের উন্নত এআই চিপ তৈরি করছে। এতে চিপ ডিজাইনের ওপর নিজেদের নিয়ন্ত্রণ বাড়ছে। একই সঙ্গে বাজারে প্রভাবশালী এনভিডিয়ার গ্রাফিক্স প্রসেসিং ইউনিটস (জিপিইউ)’র ওপর নির্ভরতা কমানোর চেষ্টা চলছে।
লাস ভেগাস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
বুধবার লাস ভেগাসে গুগলের বার্ষিক ক্লাউড কম্পিউটিং সম্মেলনে উচ্চক্ষমতাসম্পন্ন টিপিইউসহ বিভিন্ন নতুন প্রযুক্তি তুলে ধরা হয়।
গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই এক ব্লগ পোস্টে বলেন, ‘এআই এজেন্টের যুগে সবচেয়ে জটিল কাজ সামলাতে অবকাঠামোকে আরও উন্নত হতে হবে।’
তিনি জানান, ‘এ বছর আমরা ডুয়াল চিপ পদ্ধতিতে আমাদের টেনসর প্রসেসিং ইউনিটের অষ্টম প্রজন্ম নিয়ে আসছি।’
নতুন টিপিইউগুলোর একটি বড় ভাষা মডেল প্রশিক্ষণের জন্য অপ্টিমাইজড। আরেকটি তৈরি করা হয়েছে ‘ইনফারেন্স’ বা যুক্তি ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার জন্য, যা এআই এজেন্টে ব্যবহৃত হয়।
এআই এজেন্ট হলো এমন ডিজিটাল সহকারী, যা স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কম্পিউটিং কাজ সম্পন্ন করতে পারে।
গুগল ক্লাউড বিভাগের প্রধান থমাস কুরিয়ান জানান, সেমিকন্ডাক্টর নির্মাতা ব্রডকমের সঙ্গে যৌথভাবে তৈরি এ সব টিপিইউ চলতি বছরের শেষ দিকে বাজারে আসবে।
এর আগে, চলতি বছরের শুরুতে এনভিডিয়া এআই চালাতে নতুন ভেরা ও রুবিন জিপিইউ উৎপাদনের ঘোষণা দেয়।
এর কিছুদিন পর ক্লাউড কম্পিউটিং জায়ান্ট অ্যামাজন তাদের নিজস্ব ট্রেনিয়াম প্রসেসরের সর্বশেষ সংস্করণ উন্মোচন করে।
গুগল, অ্যামাজন ও মাইক্রোসফট- তিন প্রতিষ্ঠানই তাদের কম্পিউটিং অবকাঠামোয় এনভিডিয়ার জিপিইউ ব্যবহার অব্যাহত রেখেছে।
মন্তব্য করুন