টাইফুন দুজুয়ানের আঘাতে জাপানে অন্তত চারজনের মৃত্যু ও ২২ জন আহত হয়েছেন। ঝড়টি অঞ্চলটির ওপর দিয়ে বয়ে যাওয়ার পর টোকিও’র আশপাশের কয়েক হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে। কর্তৃপক্ষ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার সকালে টাইফুনটি জাপানের উপকূল অতিক্রম করে প্রশান্ত মহাসাগরের দিকে সরে যায়। ফলে কর্তৃপক্ষ ভারী বৃষ্টি ও ভূমিধসের বেশিরভাগ সতর্কতা প্রত্যাহার বা নিম্নস্তরে নামিয়ে আনে।
টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
দুজুয়ানের কারণে রাজধানীতে বিশ্বের অন্যতম বৃহৎ ভিডিও গেম বাণিজ্য মেলার কার্যক্রমও নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেওয়া হয়।
গ্রীষ্মের শেষভাগ ও শরতের শুরুতে জাপানে প্রায়ই শক্তিশালী টাইফুন আঘাত হানে। চলতি মৌসুমে দেশটিতে অনুষ্ঠিত এশিয়ান গেমসের কয়েকটি আয়োজনও অন্যান্য ঝড়ের কারণে ব্যাহত হয়েছে।
ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, টোকিও’র কাছের চিবা প্রিফেকচারে তিনজন এবং কানাগাওয়া অঞ্চলে একজন মারা গেছেন।
প্রবল বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসের পর নিখোঁজ ছয়জনের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।
মঙ্গলবার বিকেল পর্যন্ত টোকিও’র কাছে চিবার ৪৫ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন ছিল। এ ছাড়া ৪৬০টির বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
উত্তর-পূর্ব দিকে অগ্রসর হওয়ার সময় দুজুয়ান দুর্বল হয়ে পড়ে। তবে টোকিও অঞ্চলের কিছু এলাকায় এটি রেকর্ড পরিমাণ বৃষ্টি ঝরিয়েছে।
টোকিও’র কেন্দ্র থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ওশিমা দ্বীপে ৪৮ ঘণ্টায় ৮৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, সেপ্টেম্বর মাসে দ্বীপটির পুরো মাসের গড় বৃষ্টিপাতের তুলনায় এই পরিমাণ দ্বিগুণেরও বেশি।
টোকিওর এদোগাওয়া ওয়ার্ডে ২৪ ঘণ্টায় ২৮২ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এটিও রেকর্ড।
বিজ্ঞানীরা বলেছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে ভারী বৃষ্টিপাতের ঝুঁকি বাড়ছে। কারণ, উষ্ণ বায়ুমণ্ডল বেশি পরিমাণে জলীয়বাষ্প ধারণ করতে পারে।
মন্তব্য করুন