পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ভুটানের গেলেফু মাইন্ডফুলনেস সিটি (জিএমসি) উন্নয়নে বাংলাদেশ থেকে পেশাজীবী এবং দক্ষ ও আধাদক্ষ জনশক্তি পাঠানোর মাধ্যমে অবদান রাখার বিষয়ে ঢাকার গভীর আগ্রহের কথা জানিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কার্মা হামু দর্জির সঙ্গে বৈঠককালে তিনি এ আগ্রহ প্রকাশ করেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ভুটানের রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাকে নিয়োগ পাওয়ায় অভিনন্দন জানান।
বৈঠকে দুই বন্ধুপ্রতিম দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে সহযোগিতা আরও গভীর করার বিভিন্ন উপায় নিয়েও মতবিনিময় করেন তারা।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাবনার কথা স্মরণ করে হুমায়ুন কবির দক্ষিণ এশিয়া ও এ অঞ্চলের জনগণের সম্মিলিত কল্যাণে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবিত করার বিষয়ে ভুটানের সমর্থন কামনা করেন।
ভুটানের রাষ্ট্রদূত গত ২৬ আগস্ট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুককে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য বাংলাদেশের প্রতি তার দেশের গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বিশেষভাবে ভুটানের রাজাকে স্বাগত জানাতে বিমানবন্দরে বাংলাদেশের রাষ্ট্রপতির উপস্থিতির প্রশংসা করেন।
দর্জি বাংলাদেশে তার কূটনৈতিক দায়িত্ব পালনে সহযোগিতা করায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিও কৃতজ্ঞতা জানান।
মন্তব্য করুন