দেলোয়ার হোসাইন , ফায়দাবাদ (দক্ষিণখান):
চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও উত্তরবঙ্গের জেলাগুলো থেকে সংগৃহীত ‘গুটি চুল’ প্রক্রিয়াজাত করে বিদেশে পাঠাচ্ছেন রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকার ব্যবসায়ীরা। ফেলে দেওয়া চুল প্রসেস করে আন্তর্জাতিক বাজারে সরবরাহ ও বছরে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা (রেমিট্যান্স) অর্জনের মূল কেন্দ্র এই ফায়দাবাদ। বর্তমানে ফায়দাবাদের ‘হেয়ার প্রসেসিং ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ’-এর অধীনে অসংখ্য প্রসেসিং ফ্যাক্টরি পরিচালিত হচ্ছে। বিদেশি বিশেষ করে চীনা ব্যবসায়ীরা সরাসরি ফায়দাবাদে এসে প্রতি কেজি ১,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত দরে এই চুল সংগ্রহ করছেন।
এই সম্ভাবনাময় খাতের ব্যবসায়ীদের প্রত্যক্ষ পরিচালনায় শক্তিশালী একটি ‘জাতীয় অ্যাসোসিয়েশন’ গঠন এবং চীনা বায়ার নির্ভরতা কমিয়ে নিজেরাই সরাসরি বিদেশে প্রক্রিয়াজাত চুল রপ্তানি করার মূল এজেন্ডা নিয়ে আগামী ২৬শে সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন। আজ ১৩ই সেপ্টেম্বর উত্তরা মেট্রো থানা সমবায় কার্যালয়ের সরকারি কর্মকর্তাদের গঠিত নির্বাচন কমিটি কর্তৃক চূড়ান্ত ১৭ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়ার মাধ্যমে এলাকাটিতে নির্বাচনী উল্লাস ও জোরালো প্রচারণা শুরু হয়েছে।
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সরকারি ৩ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন উত্তরা মেট্রোঃ থানা সমবায় অফিসার মুহাম্মদ আমানুর রহমান। কমিটির অন্য দুই সদস্য হলেন ঢাকা জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মাহমুদ ইমাম এবং উত্তরা মেট্রোঃ থানা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মাহফুজা খাতুন।
নির্বাচন পরিচালনা কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, সমিতির মোট ভোটার সংখ্যা ১৭৭ জন। গত ১৯ আগস্ট প্রকাশিত নির্বাচনী তফসিল অনুযায়ী ২২টি মনোনয়নপত্র বিতরণ করা হয় এবং ৩০ আগস্ট ১৮টি জমা পড়ে। গত ৩১ আগস্ট যাচাই-বাছাইয়ে সম্পাদক পদপ্রার্থী মোঃ বাবুল আকতার (সদস্য নং-১৭)-এর মনোনয়নপত্র বাতিল হয়। পরবর্তীতে তিনি জেলা সমবায় অফিসার ও আপীলাত কর্মকর্তা ঢাকা বরাবর আপীল (আদেশ নং-২৩৬২/১(৩), তারিখঃ ০৮/০৯/২০২৬) করলেও নির্বাচন কমিটির সিদ্ধান্তই বহাল থাকে। ফলে চূড়ান্তভাবে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭ জন প্রার্থী।
চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী সভাপতি পদে ৩ জন প্রার্থী লড়াই করছেন— মোঃ আতিয়ার রহমান (চেয়ার), মোঃ মিদ্বার আলী (ছাতা) ও মোঃ মামুনুর রহমান (গোলাপফুল)। সহ-সভাপতি পদে ২ জন প্রার্থী লড়াই করছেন— মোঃ আবু সামা (চশমা) ও মোঃ মিজানুর রহমান (আনারস)। সম্পাদক পদে ২ জন প্রার্থী মাঠে রয়েছেন— মোঃ আল মামুন তুকার (মই) ও মোঃ ফিরোজ আলী (আম)।
অন্যদিকে যুগ্ম-সম্পাদক পদে মোঃ মহসিন উদ্দিন (হাতি) এবং কোষাধ্যক্ষ পদে মোঃ শওকত আলী (হরিণ) একক প্রার্থী হিসেবে রয়েছেন। এছাড়া ৮টি সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন— মোঃ আব্দুর রহমান (বই), মোঃ আজিম হোসেন (কলস), মোঃ কামরুজ্জামান (উড়োজাহাজ ), মোঃ কাসেদ আলী (ফুটবল), মোঃ ফারুক হোসেন (পাখা), মোঃ স্বপন মন্ডল (মোরগ), মোঃ হাফিজুর রহমান (গরুর গাড়ি) ও মোঃ হুমায়ুন কবির (কলম)।
প্রসেসড চুল মধ্যস্বত্বভোগী বা বায়ারদের হাত এড়িয়ে সরাসরি আন্তর্জাতিক উইগ উৎপাদনকারীদের কাছে পাঠাতে একটি নিবন্ধিত জাতীয় অ্যাসোসিয়েশন তৈরির দাবি দীর্ঘদিনের। ফায়দাবাদের প্রসেসিং ফ্যাক্টরি মালিক ও সাধারণ ব্যবসায়ীরা মনে করছেন, আগামী ২৬শে সেপ্টেম্বর ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাঁরা এমন একটি যোগ্য নেতৃত্ব বেছে নেবেন, যারা এই আন্তর্জাতিক রপ্তানির পথ সুগম করবে।
মন্তব্য করুন