নারায়ণগঞ্জে যৌথ অভিযানে অবৈধভাবে মাটি উত্তোলনকালে দুটি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
আজ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, নারায়ণগঞ্জ সদর থানার ধর্মগঞ্জ মোহনা সংলগ্ন এলাকায় গত রবিবার সকাল সাড়ে ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকা থেকে অবৈধভাবে মাটি উত্তোলনকালে দুটি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, জব্দকৃত ড্রেজার ও বাল্কহেড পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বক্তাবলী নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মাটিখেকোদের হাত থেকে ফসলি জমি এবং আবাসস্থল রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
মন্তব্য করুন