মোঃ নাসির উদ্দিন, গাজীপুর জেলা প্রতিনিধিঃ
আসন্ন এসএসসি পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা আয়োজন করেছে। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় অনলাইন প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত এ সভায় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীবান্ধব, স্বচ্ছ ও মানসম্মত পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে বাউবি বদ্ধপরিকর। তিনি এসএসসি পরীক্ষা-২০২৬ যথাযথ পরিকল্পনা, প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সুষ্ঠুভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।উপাচার্য আরও বলেন, পরীক্ষার্থীদের সুবিধা, নিরাপত্তা ও নির্ভুল মূল্যায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতা ও সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে আঞ্চলিক ও উপআঞ্চলিক কেন্দ্র, পরীক্ষা কেন্দ্রের সমন্বয়কারী, ইনভিজিলেটর এবং প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ ও কার্যকর সমন্বয় বজায় রাখার নির্দেশনা দেন তিনি। যেকোনো সমস্যা মোকাবিলায় বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রস্তুত রয়েছে বলেও আশ্বাস দেন তিনি।
পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ হাবিবুল্যাহ মাহামুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস এবং ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম। এছাড়া সভায় রেজিস্ট্রার টিএম আহমেদ হুসেইন, ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. শিরিন সুলতানা, এসএসএস বিভাগের পরিচালক অধ্যাপক ড. মোঃ আবু তালেব, আইসিটি হেড মোঃ মমিনুল ইসলামসহ আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের প্রধানগণ এবং পরীক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা তাঁদের অধীনস্থ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষা আয়োজনের সার্বিক প্রস্তুতি, ব্যবস্থাপনা ও সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় মতামত তুলে ধরেন। একই সঙ্গে পরীক্ষা কার্যক্রম আরও সুষ্ঠু, শৃঙ্খলাপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
মন্তব্য করুন