হাফসা আক্তারঃ
রাজধানীতে পৃথক অভিযানে এক হেরোইন সম্রাজ্ঞী ও এক ইয়াবা সম্রাটকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উত্তরা সার্কেল টিম রোববার (৫ এপ্রিল ২০২৬) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে। বিকেল ৫টার দিকে রাজধানীর ডেমরা থানাধীন পূর্ব ডগাইর এলাকার একটি চারতলা ভবন থেকে ৪০০ গ্রাম হেরোইন ও ৫০০ পিস ইয়াবাসহ হোসনে আরা বেগম (৩৮) নামে এক নারীকে হাতেনাতে আটক করা হয়। তিনি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার চারগাঁও এলাকার বাসিন্দা।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সেখানে একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মো. ইদ্রিস (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাসিন্দা।
অভিযানে মোট ২০ হাজার ৫০০ পিস ইয়াবা, ৪০০ গ্রাম হেরোইন, ৫০ হাজার টাকা নগদ অর্থ এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, হোসনে আরা বেগম যশোরের বেনাপোল সীমান্ত থেকে হেরোইন সংগ্রহ করে পুরান ঢাকার দয়াগঞ্জসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। অপরদিকে, মো. ইদ্রিস কুমিল্লা সীমান্ত দিয়ে ইয়াবা চোরাচালান করে নারায়ণগঞ্জের চনপাড়া ও ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। তারা হুন্ডির মাধ্যমে মাদকের অর্থ পরিশোধ করতেন বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।
মাদক উদ্ধারের স্থান পৃথক হওয়ায় তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপ-পরিচালক শামীম আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন