জেলায় হতদরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ সহায়তা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।
আজ রোববার সকালে সদর উপজেলা পরিষদের হলরুমে এই অর্থ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বান্দরবান সদর এরিয়া প্রোগ্রাম গ্রাউস (গ্রাম উন্নয়ন সংগঠন)-এর বাস্তবায়নে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এই কর্মসূচি পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থ সহায়তা বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার, টেকনিক্যাল স্পেশালিস্ট এম এ আজিজ, গ্রাউসের চেয়ারপার্সন মংথুই চিং মারমা, প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি অর্থ বিতরণ একটি সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ। এতে স্বচ্ছতা নিশ্চিত হচ্ছে এবং প্রকৃত উপকারভোগীরা দ্রুত সহায়তা পাচ্ছেন। তিনি গ্রাউস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এই উদ্যোগের প্রশংসা করেন।
আয়োজকরা জানান, এই কর্মসূচির আওতায় জেলার সদর উপজেলার কুহালং, রাজবিলা, সুয়ালক, জামছড়ি ও টংকাবতীসহ ছয়টি ইউনিয়নের ৬৬৫টি হতদরিদ্র পরিবারের মাঝে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে।
মন্তব্য করুন