ঈদের বাড়তি জনসমাগম এবং যানবাহনের অতিরিক্ত চলাচলে নাজুক শহরের ট্রাফিকিং কার্যক্রমে নিয়োজিত হয়েছেন নাটোরের স্কাউটস এবং রোভারের ১৬ সদস্য। এক সপ্তাহ ধরে সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত তাদের এই সহায়তা কার্যক্রম চলবে আজ বিকেল পর্যন্ত।
ছোট্ট নাটোর শহরে চলাচলের রাস্তা অপ্রতুল এবং সংকীর্ণ। ঈদের কেনাকাটায় শহরমুখী মানুষের ঢল নেমেছে। সেইসাথে যানবাহনের আধিক্যে পা ফেলানোর জায়গা নেই । এই অবস্থায় শহরের ট্রাফিকিং ব্যবস্থাপনায় হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। পুলিশের এই কার্যক্রমে সহায়ক শক্তি হিসেবে রাস্তায় নেমেছে নাটোর জেলা স্কাউটস এবং রোভারের সদস্যরা। মোট ১৬ সদস্যের মধ্যে ১২ জন রোভার সদস্য এবং চারজন স্কাউটস সদস্য।
সরেজমিনে দেখা যায়, শহরের সবচে’ গুরুত্বপূর্ণ জিরো পয়েন্টে পুলিশ বক্স, নাটোর প্রেসক্লাবের সামনে এবং উত্তরা শপিং মলের সামনে দুইজন করে রোভার সদস্য একজন করে ট্রাফিক পুলিশের তত্ত্বাবধানে দায়িত্ব পালন করছেন। শহরের ফিডার রোডে হাসপাতাল রোড, নীচাবাজারের প্রবেশপথ, ছায়াবানী রোড, কোতয়ালী মসজিদের মোড় এবং পিলখানা মোড়ে নিয়োজিত হয়েছেন দু’জন করে।
নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ শাখা রোভারের সদস্য হোসেন জানান, নিরলসভাবে দায়িত্ব পালনের চেষ্টা করছি। শুধু ট্রাফিকিং নয়, বয়স্ক ব্যক্তিদের রাস্তা পারাপারে সহযোগিতা করছি-জানান নাটোর সিটি কলেজ শাখা রোভারের সদস্য হাকিম।
রাজসিক নাটোর মুক্ত রোভারের সদস্য ইরফান বলেন, রোদের তীব্রতা আর মানুষের ভীড়ে প্রচন্ড গরম। কিন্তু দায়িত্ব পালন করতে একটুও ক্লান্তি আসছে না। কারণ, মানুষের সেবা করতে পারাতেই আমাদের প্রশান্তি।
টিম লীডার নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ শাখা রোভারের সিনিয়র রোভার মেট মো. আফি আনাস জানান, নাটোর পৌরসভার অনুরোধে আমরা দায়িত্ব পালন করছি। ঈদের আগের দিন পর্যন্ত আমরা দায়িত্ব পালন করবো।
জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি নাহিদ আহমেদ জানান, শুধু এই ঈদেই নয়, রোভারের সদস্যরা ৫আগস্ট পরবর্র্তী সময়ে পুলিশের অনুপস্থিতিতে নাটোর শহর ছাড়াও জেলার গুরুত্বপূর্ণ মহাসড়ক এবং উপজেলা শহরগুলোতে দায়িত্ব পালন করে সারাদেশে প্রশংসিত হয়েছিল।
নাটোর জেলা রোভারের কমিশনার ড. মো. আল আমিন ইসলাম বলেন, দেশ ও মানুষের কল্যাণে কাজ করার সুযোগ আমাদের জন্যে গৌরবের। শুধু ট্রাফিকিং নয়, দেশ ও জাতির প্রয়োজনে নাটোর জেলা রোভারের সদস্যরা সদা প্রস্তুত।
নাটোরের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বাসস’কে বলেন, জেলা পুলিশের ট্রাফিকিং কার্যক্রমে স্কাউটস এবং রোভার সদস্যদের সহযোগিতা প্রদান এবং দায়িত্বপালন প্রশংসার দাবী রাখে। আমি মনে করি, অর্জিত দক্ষতা তাদের পরবর্র্তী জীবনে সহায়ক হবে এবং কর্মক্ষেত্রেও তাঁরা একধাপ এগিয়ে যাবে।
মন্তব্য করুন