জেলায় হাম রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে মাঠ পর্যায়ে মনিটরিং এর অংশ হিসেবে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. খোরশেদ আলম।
আজ রোববার বেলা ১১ টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান অতিরিক্ত সচিব মো. খোরশেদ আলম। এসময় তিনি হাসপাতালের পরিচালকসহ চিকিৎসকদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে আইসিইউ ও হামের টিকাদানসহ বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দেন। পরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব বলেন, হঠাৎ করে হামের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। এরইমধ্যে সারা দেশে হামের টিকাদান কর্মসূচি চলছে। ধীরে ধীরে পরিস্থিতি উন্নতি হচ্ছে। খুব শিঘ্রই হাম নিয়ন্ত্রণে চলে আসবে বলে আমরা আশা করছি।
তিনি বলেন, আইসিইউ নিয়ে যে সমস্যা রয়েছে তা দ্রুত সমাধান হবে। আগামী বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। যে সমস্যাগুলো রয়েছে তা দ্রুতই সমাধান হবে।
এসময় বরিশাল জেলা সিভিল সার্জন ডা. মঞ্জুর ই এলাহী, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়াল জেনারেল ডা. মশিউল মুনীরসহ অন্যান্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
পরে তিনি বরিশাল জেনারেল হাসপাতাল ও বরিশালের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
মন্তব্য করুন