মোঃ সাব্বির হোসেন নিউজ ডেস্ক।
০৬ মে ২০২৬
সরকারি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) আকস্মিক পরিদর্শন করেছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের (DGDA) নবনিযুক্ত মহাপরিচালক মোহা: আলমগীর হোসেন। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক পরিদর্শন।
বুধবার সকালে তেজগাঁওস্থ ইডিসিএল-এর ঢাকা কারখানা পরিদর্শনকালে তিনি ঔষধের গুণগত মান বজায় রাখতে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ ও কারিগরি দক্ষ জনবল নিয়োগের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
পরিদর্শনে যা দেখলেন
মহাপরিচালকের সঙ্গে ছিলেন ইডিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক ড. মো: আকতার হোসেন ও মো. শফিকুল ইসলাম। তিনি উৎপাদন ইউনিট, মান নিয়ন্ত্রণ ল্যাব, গুদামজাতকরণ ব্যবস্থা ও প্রশাসনিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
এসময় তিনি ঔষধের মান নিয়ন্ত্রণে বিশেষ পরীক্ষার জন্য দক্ষ ও কারিগরি জ্ঞানসম্পন্ন জনবল নিয়োগের নির্দেশ দেন।
তিন দফা নির্দেশনা
পরিদর্শন শেষে মহাপরিচালক কর্মকর্তাদের উদ্দেশে তিনটি নির্দেশনা দেন:
১. উৎপাদন প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি।
২. জনবলের দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণ আয়োজন।
৩. উৎপাদন সক্ষমতা বাড়িয়ে অভ্যন্তরীণ চাহিদা পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
> “জনগণের জন্য নিরাপদ, কার্যকর ও মানসম্মত ঔষধ প্রস্তুতকরণের ক্ষেত্রে কোনো আপস করা হবে না।”
> মোহা: আলমগীর হোসেন* মহাপরিচালক, ঔষধ প্রশাসন অধিদপ্তর
ইডিসিএল-এর ভবিষ্যৎ পরিকল্পনা
ইডিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ সামাদ মৃধা মহাপরিচালককে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, ঢাকা কারখানার সন্নিকটে cGMP মেনে অত্যাধুনিক বহুতল ভবন নির্মাণ করা হবে। এছাড়া গোপালগঞ্জ কারখানায় অ্যান্টিভেনম, র্যাবিস, ডেঙ্গু ও হাম-রুবেলা ভ্যাকসিন উৎপাদনের জন্য ফিল-ফিনিশ ফ্যাসিলিটি স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
একইসঙ্গে বগুড়া কারখানায় উৎপাদন সম্প্রসারণ এবং খুলনা প্ল্যান্টে কার্টন ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে সরকারের ক্রমবর্ধমান চাহিদা অনুযায়ী মানসম্মত ঔষধ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ২৮ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে অতিরিক্ত সচিব মোহা: আলমগীর হোসেনকে ঔষধ প্রশাসন অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
মন্তব্য করুন