জেলা পুলিশের গোয়েন্দা শাখা অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আমদানিকৃত ১৫৫বস্তা জিরা জব্দ করেছে।
অভিযানে ব্যবহৃত একটি ট্রাকসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার জিরার আনুমানিক মূল্য ২লক্ষ ৯০ হাজার টাকা।
শুক্রবার দুপুরে রায়পুরা উপজেলার গোকুলনগর এলাকার লাল মিয়া পেট্রোল পাম্পের সামনে এই অভিযান চালানো হয়।
নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুক বাসস’কে এই তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-সিরাজগঞ্জ জেলার আইনাল ফকির ওরফে সাগর (৩৮) এবং মো.শাহিন মোল্লা (৩৩)।
তিনি জানান, পুলিশ একটি ট্রাক (ঢাকা মেট্রো-টি-১৮-২০৩৯) থামিয়ে তল্লাশি চালিয়ে ট্রাকের ভেতরে গোপনে পাথর কুচির নিচে লুকানো ১৫৫ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, জব্দকৃত মালামাল বাজেয়াপ্ত করা হয়েছে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে রায়পুরা থানায় আইনি প্রক্রিয়া চলছে।
পুলিশ সুপার বলেছেন, ‘গ্রেপ্তার ব্যক্তিরা বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় জিরা জব্দ করা হয়েছে। তারা স্বীকার করেছে যে, পণ্যগুলো ভারত থেকে আনা হয়েছিল। এই ব্যাপরে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন