গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকায় ইজিবাইক চালক আব্দুর রহিম ভূইয়া (৪৮) হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। দীর্ঘ তদন্ত ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এ ঘটনায় জড়িত অন্যতম প্রধান আসামি মোঃ হুমায়ুন বাড়ী ওরফে সুমন (৩৬)কে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ ডিসেম্বর ২০২৫ বিকেলে আব্দুর রহিম ভূইয়া তার নিজ বাড়ি খোরাইদ এলাকা থেকে ইজিবাইক নিয়ে বের হন। ওইদিন রাত প্রায় ৯টার দিকে গাজীপুরের বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকায় তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এক পথচারী পরিবারের সদস্যদের খবর দেন। পরে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২১ ডিসেম্বর সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় পূবাইল থানায় একটি হত্যা মামলা (নং-১৫/১২/২০২৫) দায়ের করা হয়। মামলায় দণ্ডবিধির ৩৬৪/৩২৮/৩৭৯/৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
তদন্তকারী কর্মকর্তা এসআই নাসির উদ্দিন তথ্য-প্রযুক্তির সহায়তায় ভিকটিমের মোবাইল ফোনের লোকেশন ও কললিস্ট বিশ্লেষণ করে ঘটনার সময় তার গতিবিধি শনাক্ত করেন। একই সময়ে সন্দেহভাজন হুমায়ুন বাড়ীর মোবাইল লোকেশন ভিকটিমের অবস্থানের আশেপাশে পাওয়া যায়। পরবর্তীতে রাত ১১টার পর তার অবস্থান ঢাকার মিরপুর এলাকায় শনাক্ত হলে পুলিশের সন্দেহ আরও জোরালো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে আজ (২৩ এপ্রিল ২০২৬) ভোরে ঢাকা মহানগরীর হাতিরঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইজিবাইক চালককে অচেতন করে ইজিবাইক ও মোবাইল ছিনতাই এবং হত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গ্রেপ্তারকৃত হুমায়ুন বাড়ীর স্থায়ী ঠিকানা বরিশালের গৌরনদী থানার মাগুড়া গ্রামে হলেও সে ঢাকার পল্লবী থানার কালসী এলাকায় বসবাস করত।
পুলিশ জানায়, ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধারের পাশাপাশি এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন