(নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলায় একটি ভুট্টাখেত থেকে পুলিশের পোশাক, নেমপ্লেট ও ধারালো চাকুসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর সোনাখুলী গ্রামের ঝগড়ুর টাড়ীর কাছে একটি ভুট্টাখেতে পরিত্যক্ত অবস্থায় পুলিশের সরঞ্জাম পড়ে থাকতে দেখেন স্থানীয় কৃষকরা। পরে তারা বিষয়টি আশপাশের লোকজনকে জানান।
উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে পুলিশের পোশাক, নেমপ্লেট, সিমকার্ড এবং একটি ধারালো চাকু।
নির্জন স্থানে এসব সরঞ্জাম উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের ধারণা, কোনো অপরাধী চক্র বড় ধরনের অপরাধ সংঘটনের উদ্দেশ্যে বা অপরাধ শেষে এসব সরঞ্জাম সেখানে ফেলে গেছে।
এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বলেন, “ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। উদ্ধার হওয়া পোশাক ও সরঞ্জামগুলো আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। এগুলো আসল নাকি নকল, এবং কারা কী উদ্দেশ্যে সেখানে রেখে গেছে- সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন হলে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
মন্তব্য করুন