সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি কবরস্থান এলাকা মেঘনা নদীর ভয়াবহ ভাঙনের কবলে পড়ায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। নদী ভাঙন থেকে কবরস্থানসহ আশপাশের বসতভিটা ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সরেজমিনে দেখা যায়, নদী ভাঙন রোধে বড়িকান্দি এলাকায় জিও ব্যাগ ফেলার কার্যক্রম চলছে। এই উদ্যোগের ফলে এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও নদী ভাঙনের স্থায়ী সমাধান নিয়ে তারা এখনো উদ্বিগ্ন।
কাজের তদারকি ও এলাকা পরিদর্শন করতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য (এমপি) আব্দুল মান্নান।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বিএনপি নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে এলাকার গুরুত্বপূর্ণ এই স্থাপনা রক্ষায় সবার সরব উপস্থিতি স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।
নদী পাড়ের বাসিন্দা ও স্থানীয়রা জানান, বড়িকান্দি কবরস্থানটি আমাদের এলাকার ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ একটি জায়গা। মেঘনা নদীর ভাঙন যদি দ্রুত রোধ করা না হতো, তবে কবরস্থানটি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। জিও ব্যাগ ফেলায় আপাতদৃষ্টিতে ভাঙন কিছুটা কমবে বলে তারা আশা প্রকাশ করেন।
এলাকাবাসীর পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করে বলা হয়েছে, “আল্লাহ যেন এই নদী ভাঙনের ভয়াবহ গ্রাস থেকে আমাদের রক্ষা করেন।”
তবে শুধু জিও ব্যাগ ফেলাই নয়, মেঘনা নদীর এই অংশে স্থায়ী বাঁধ বা টেকসই কোনো প্রকল্প গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
মন্তব্য করুন